হাসপাতালে ভর্তি ৩৭
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় আক্রান্তদের গত রবিবার ও সোমবার লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পোপা মৌজায় পুরাতন লাইল্যা পাড়ায় অজ্ঞাত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কয়েকদিনের ব্যবধানে আক্রান্ত হয়েছে গ্রামের ১৫টি পরিবারের ৬৫ জনের বেশি। ইতোমধ্যে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে চার মাসের এক শিশু মারা গেছে। স্বাস্থ্য বিভাগের একটি মেডিক্যাল টিম ঘটনাস্থল পরিদর্শন করে আক্রান্তদের নমুনা সংগ্রহ করেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হক বলেন, লাইল্যা পাড়ায় কোনো টিকা কেন্দ্র নেই। কয়েকটি পরিবারের জন্য টিকা দিতে যাওয়াও সম্ভব নয়। তাছাড়া ম্রো জনগোষ্ঠী টিকা নিতে আগ্রহীও নয়। স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল টিমের প্রধান ডা. মো. কাউছার বলেন, রোগটি হামের মতো হলেও মনে হচ্ছে হাম নয়। এ কারণে আক্রান্তদের রক্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, ঐ পাড়ার আশপাশের এলাকাগুলোতে যাতে রোগটি ছড়িয়ে পড়তে না পারে সেজন্য একটি মেডিক্যাল টিম কাজ করছে। আক্রান্তদের রক্ত নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আরো মেডিক্যাল টিম পাঠানো হবে।