সরাইলে সংঘর্ষে আহত ৪০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বারইজীবীপাড়া ও সূর্যকান্দি গ্রামের লোকজনের মধ্যে সুদের টাকা আদায় নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। রবিবার রাতে এবং সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে কালীকচ্ছ ইউনিয়নের বারইজীবীপাড়া গ্রামের জামাল মিয়ার (৪৫) কাছ থেকে একই ইউনিয়নের সেলিম মিয়া (৫০) ১ লাখ ৮০ হাজার টাকা সুদে ঋণ নেয়। টানা দুই বছর ঋণ পরিশোধ করলে গত দুই বছর ধরে কোনো টাকাই পরিশোধ করছিল না। গত রবিবার সন্ধ্যার পর জামাল, সেলিমকে আটক করে মারধর করেন। এর জের ধরে রাত আটটার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হয়। সোমবার সকালে আবারও সংঘর্ষ বাধলে উভয় পক্ষের আরো ২৭ জন আহত হয়। সরাইল থানার ওসি শাহাদত্ হোসেন বলেন, গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।