বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জেপির শ্রদ্ধা, কর্মসূচি গ্রহণ

ইত্তেফাক রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর সূচনালগ্নে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। গতকাল সোমবার এক বিবৃতিতে নেতৃদ্বয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর সুমহান লগ্নে হূদয়ের গভীরতম শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় স্মরণ করেন এই মহান নেতৃত্বকে। বিবৃতিতে তারা বলেন, বঙ্গবন্ধু ফাঁসির মঞ্চে গিয়েও বাঙালির মুক্তির জয়গান গেয়েছেন। সেজন্যই তিনি আজ জাতির জনক এবং বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য সত্তা। আজকের এই মহান দিনে আমাদের সকলের শপথ হবে এই মহান নেতার জীবন আদর্শ নিজেদের মধ্যে আত্মস্থ করা এবং বাঙালি জাতিকে তার কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়ে তোলার।

জেপির কর্মসূচি

সকাল ৬টা ১৫ মিনিটে জেপির কেন্দ্রীয় কার্যালয়সহ দলীয় সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টা ৩০ মিনিটে দলের পক্ষ থেকে ধানমন্ডিস্থ ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য এবং বেলা সাড়ে ১২টায় জাতির পিতার মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। কেন্দ্রের অনুরূপ কর্মসূচি পালনের জন্য দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম।