বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গণমাধ্যম হিসেবে বেতার উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ আর্থসামাজিক অগ্রগতিতে গণমানুষের বন্ধু হিসেবে বাংলাদেশ বেতার ভূমিকা পালন করে চলেছে। ২০১৮ সালের ২ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বেতারের ময়মনসিংহ কেন্দ্র উদ্বোধন করেন। ৩ নভেম্বর থেকে প্রচার কার্যক্রম শুরু হয়। দুঃখের বিষয়, এখন পর্যন্ত ময়মনসিংহ বেতার কেন্দ্র তার নিজস্ব অনুষ্ঠান প্রচার করতে পারেনি। নিজস্ব অনুষ্ঠান প্রচার হলে ময়মনসিংহ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, কৃষিসহ আর্থসামাজিক অগ্রগতিতে অবদানসহ সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ইত্যাদি প্রচার করতে পারবে। এ ব্যাপারে বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. সুখন
আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ,
ময়মনসিংহ