শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করা হবে ---------ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মুজিববর্ষ পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আরো গতিশীল ও সুসংগঠিত করা হবে। গতকাল সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। সংগ্রাম করতে গিয়ে তিনি জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন। আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হয়েছিলেন। জাতি এখন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের পরেই দেশ জুড়ে শুরু হয় অসহযোগ আন্দোলন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। মুক্তিকামী মানুষের স্লোগানের নাম শেখ মুজিব। তিনি চিরন্তন-চিরঞ্জীব। বাঙালির প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে অবিনাশী চেতনার নাম শেখ মুজিব। ওবায়দুল কাদের হূদয়ের সব ভালোবাসা উজাড় করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজ থেকে শুরু হবে নবতর পথযাত্রা। আওয়ামী লীগকে আরো শক্তিশালী ও স্মার্ট করে গড়ে তোলা হবে আগামীতে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন, আর তার কন্যা শেখ হাসিনা এ দেশটাকে সমৃদ্ধশালী করে গড়ে তুলছেন। তিনি বলেন, আগামীকাল যে কর্মসূচি শুরু হচ্ছে তা বছরব্যাপী সারাদেশে একযোগে পালিত হবে। পর্যায়ক্রমে আমরা একটি স্মরণিকা প্রকাশ করব। জেলা পর্যায়ের দুই জন ত্যাগী নেতাকে সম্মাননা জানানো হবে। এছাড়া সারাবছর বৃক্ষরোপণ কর্মসূচি চলবে।