ভোট পেছাতে চায় না ইসি

করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক থাকলেও ঢাকা-১০সহ চারটি উপ-নির্বাচন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন পেছাবে না নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, যে নির্বাচনগুলো এখন মাঠে আছে, সেখানে সীমিত আকারে প্রচার চালানো এবং জনসভা, পথসভা পরিহার করার নির্দেশনা দেওয়া হবে। গতকাল সোমবার রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা-১০ আসনের উপনির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলাবিষয়ক বৈঠকে সিইসি এ কথা বলেন। আগামী ২১ মার্চ ঢাকা-১০ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনেও ভোট হবে। এ ছাড়া ২৯ মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। ওইদিন বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বিপন্ন গণতন্ত্র আত্মমর্যাদা রক্ষা

করতে পারে না :মাহবুব তালুকদার

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচনকালে সরকার নয়, নির্বাচন কমিশনই আপনাদের পরিপালক। পরিপূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত থেকে আইনানুগভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনের কথা বলেন তিনি। গতকাল সোমবার রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা-১০ আসনের উপনির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, অবাঞ্ছিত অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন হেলে পড়লে গণতন্ত্র প্রতিষ্ঠার পবিত্র দায়িত্ব যথাযোগ্যভাবে সম্পন্ন হতে পারে না। আমরা অবশ্যই গণতন্ত্রকে বিপন্ন করতে চাই না। বিপন্ন গণতন্ত্র নিয়ে কোনো জাতি আত্মমর্যাদা রক্ষা করতে পারে না।