করোনায় দুই শিশুসহ আক্রান্ত আরো ৩

বাংলাদেশে আরো তিন জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যারা এর আগে আক্রান্ত এক প্রবাসীর পরিবারের সদস্য। গতকাল সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন যারা আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে দুই শিশুর বয়স ১০ বছরের নিচে, অন্যজন নারী। দুই শিশুর জ্বর-সর্দি ছিল, তাদের সবার সংক্রমণই ‘মৃদু’। এদিকে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময়ে শিক্ষার্থীদের ঘরে থাকতে বলা হয়েছে। অভিভাবকদের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে। কোনো শিক্ষকের কাছে বা সেন্টারেও তারা কোচিং করতে যেতে পারবে না। গতকাল সোমবার মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য চিকিত্সক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ জানান, ইউরোপ থেকে যারা আসছে বা আসবে, বাধ্যতামূলক তাদের পূর্ণ কোয়ারেন্টাইনে রাখতে হবে।  নইলে বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলা করা কঠিন হবে।  এর আগে দ্বিতীয় দফায় ইতালি ও জার্মানিফেরত       যে দুই জনের মধ্যে ভাইরাস ধরা পড়েছিল, তাদেরই এক জনের মাধ্যমে তার পরিবারের ঐ তিন সদস্য আক্রান্ত হয়েছে। ঐ তিন জনকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে জানিয়ে অধ্যাপক ডা. ফ্লোরা বলেন, তাদের মাধ্যমে যেন আরো ছড়িয়ে না পড়ে, সেজন্য তাদের আমরা আইসোলেশন ইউনিটে পর্যবেক্ষণে রেখেছি। এ নিয়ে বাংলাদেশে মোট আট জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল, যাদের মধ্যে প্রথম দফায় আক্রান্ত তিন জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন; হাসপাতালে ভর্তি আছেন পাঁচ জন। আক্রান্তরা যে উপজেলার বাসিন্দা, সেখান থেকে যেন রোগটি ছড়িয়ে না পড়ে, সেজন্য সেখানে কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত মোট ২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে হাসপাতালের আইসোলেশনে আছেন ১০ জন। এছাড়া চার জন আছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। ডা. ফ্লোরা বলেন, সব ধরনের সভা-সমাবেশ আপনারা বন্ধ রাখুন। যেখানে গণজমায়েত হতে পারে বা যেখানে অপরিচিত মানুষের আনাগোনা হতে পারে, সে ধরনের সমাবেশ বন্ধ রাখুন।

বিদেশ থেকে যারা আসবেন, তাদের অবশ্যই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এতে কোনো মাফ নেই। সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কেউ যদি এর ব্যত্যয় ঘটান, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৭ মার্চের সব কর্মসূচি বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক বিদ্যালয়ে আজকে শিক্ষার্থীদের কাছে লেখা প্রধানমন্ত্রীর চিঠিপাঠ কর্মসূচি ছিল। এটি বাতিল করা হয়েছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করবে বিশ্ববিদ্যালয়টি।  শিক্ষামন্ত্রী বলেন, সামনে রমজান এবং গ্রীষ্মকালীন ছুটি আছে। প্রয়োজন হলে সেই ছুটির সঙ্গে এখনকার ছুটি সমন্বয় করা হবে।

ব্রিটেন ছাড়া ইউরোপের বাকি সব দেশের সঙ্গে গতকাল সোমবার দুপুর থেকে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত লন্ডন বাদে ইউরোপের দেশগুলো থেকে যাত্রী আনতে পারবে না কোনো এয়ারলাইনস।