দিরাইয়ের সেই তুহিন হত্যার দায়ে বাবা ও চাচার মৃত্যুদণ্ড

সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামে শিশু তুহিন হত্যাকাণ্ডের আলোচিত মামলায় তুহিনের বাবা আব্দুল বাছির ও চাচা নাসির উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার সকালে জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান সিকদার এ রায় দেন। অপর দুই আসামি মাওলানা আব্দুল মোছাব্বির ও জামশেদ আলীর বিরুদ্ধে           অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন। প্রতিপক্ষকে ফাঁসাতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। তুহিন হত্যায় জড়িত থাকার দায়ে গত ১০ মার্চ তুহিনের চাচাতো ভাই শাহরিয়ার আহমদকে (১৭) আট বছরের আটকাদেশ দিয়েছিল আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তুহিনের মরদেহ পাওয়া যায়। এ সময় তুহিনের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা ছিল এবং পেটে বিদ্ধ ছিল দুটি ছুরি। ঘটনার পরদিন তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন। এরপর পুলিশ তুহিনের বাবা আব্দুল বাছির (৪০), চাচা নাসির উদ্দিন (৩৫), আব্দুল মোছাব্বির (৪৫) ও জমসেদ আলী (৬০) এবং চাচাতো ভাই শাহরিয়ারকে গ্রেফতার করে। গত ৩০ ডিসেম্বর এই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ৭ জানুয়ারি আদালতে অভিযোগ গঠিত হয়।