বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, করোনা প্রতিরোধের দিকে সরকারের কোনো নজর নেই। তাদের দীর্ঘদিনের যে প্রচেষ্টা অর্থাত্ বিরোধী মত এবং বিরোধী কণ্ঠকে দমন করা, এর মধ্যেই তারা নিয়োজিত। করোনা মোকাবিলায় সরকার শুধু ‘লিপ সার্ভিস’ দিচ্ছে। কাজের কাজ কিছুই করছে না। গতকাল সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণের আগে তিনি একথা বলেন।
তিনি বলেন, আজকে বিরোধীদের মধ্যে সবচেয়ে উচ্চকণ্ঠে যিনি থাকবেন (খালেদা জিয়া) তাকে বন্দি করে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, তিনি কোনো স্বাস্থ্যসেবা নিচ্ছেন না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। রিজভী বলেন, পৃথিবীব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা প্রতিরোধে সরকারের সে রকম কোনো উদ্যোগ দেখছি না।