করোনা ভাইরাসের কারণে দক্ষিণ সব ধরনের ক্রীড়া আসর স্থগিত করল দেশটির সরকার। এরআগে, বাংলাদেশ-ভারতসহ আরো কয়েকটি দেশ প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রীড়া আসর স্থগিত ঘোষণা করে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা দেশটিতে সব ধরনের ক্রীড়া আসর স্থগিতের ঘোষণা দেন। সেই সঙ্গে প্রাণঘাতী করোনাকে জাতীয় বিপর্যয় বলেও উল্লেখ করেন তিনি। নির্দেশনা পাওয়ার পর পরই সূচিতে থাকা খেলা বন্ধ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন (সাফা) এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
ফুটবলে ১০০ জন বা এর বেশি দর্শক সমাগম হয় এমন ম্যাচ এখন থেকে সেখানে বন্ধ। আর যে কোনো ধরনের ক্রিকেট ৬০ দিনের জন্য নিষিদ্ধ। সাফার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী থামসাঙ্কা গে মোকোয়েনা বলেন, এ পদক্ষেপ সরাসরি আমাদের সব ধরনের ফুটবল কার্যক্রমের ওপর প্রভাব ফেলবে। বিশেষ করে ম্যাচগুলোতে। কারণ সেগুলোতে ১০০ জনের বেশি জনসমাগম ঘটতে দেয়া যাবে না।
সিএসএ ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ড. জেকস ফল একই সুরে বলেন, প্রেসিডেন্ট ও কেবিনেটের এ সিদ্ধান্ত আমরা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে একসঙ্গে কাজ করতে চাই আমরা। ভয়াবহ করোনা ভাইরাসের প্রসার রোধে আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে ইতিমধ্যে সব ধরনের খেলাধুলা বন্ধ করেছে মরক্কো ও ঘানা।
ইত্তেফাক/এসআই