স্পোর্টস রিপোর্টার
দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। সিরিজের প্রথম টেস্টে ডেল স্টেইন-কাগিসো রাবাদার তোপ সামলানোর মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল পাকিস্তান। বাউন্সার বৃষ্টির অপেক্ষায় ছিল সফরকারীরা। তবে গতকাল সেঞ্চুরিয়নে পাকিস্তানের ব্যাটিং লাইন অবশ্য ধসিয়ে দিয়েছেন ডুয়ানে ওলিভিয়ের। ৩৭ রানে ছয় উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। বাবর আজমের লড়াইয়ের পরও পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১৮১ রানে।
সেঞ্চুরিয়নে বোলারদের দাপটের দিনে রেকর্ড গড়েছেন ডেল স্টেইন। গত তিন বছরে চোটাঘাতে জর্জর এই দ্রুতগতির পেসার খুব বেশি টেস্ট খেলতে পারেননি। ২০১৫ সালে বাংলাদেশ সফরে ৪০০ টেস্ট উইকেটের মালিক হয়েছিলেন। গতকাল দেশের হয়ে সাদা পোশাকে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটা নিজের করে নিয়েছেন স্টেইন। ছাড়িয়ে গেছেন কিংবদন্তি শন পোলককে। গতকাল গোটা দিনে তিনি উইকেট পেয়েছেন একটিই। সেটা ফখর জামানের। পাকিস্তানের এই ওপেনারকে আউট করেই পোলক (৪২১) টপকে গেছেন স্টেইন। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সর্বোচ্চ ৪২২ উইকেট এখন তার। তবে পোলকের (১০৮) চেয়ে অনেক কম ম্যাচ খেলেছেন স্টেইন (৮৯)।
ওলিভিয়ের-রাবাদার তোপের মুখে ১১১ রানেই আট উইকেট হারিয়েছিল পাকিস্তান। নবম উইকেটে হাসান আলীর সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন বাবর আজম। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৭১ রান করেছেন বাবর আজম। হাসান আলী অপরাজিত ছিলেন ২১ রানে। টপঅর্ডারে আজহার আলী ৩৬, শান মাসুদ ১৯, ফখর জামান ১২ রান করেন। ইমাম উল হক (০), আসাদ শফিকরা (৭) সুবিধা করতে পারেননি। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদও রানের খাতা খোলার আগেই ওলিভিয়ের এর বলে বোল্ড হয়েছেন। শাহীন শাহ আফ্রিদিকে (০) আউট করে পাকিস্তানের ব্যাটিং লেজটা গুটিয়ে দেন ওলিভিয়ের। রাবাদা ৫৯ রানে তিনটি, স্টেইন ৬৬ রানে একটি উইকেট পান।
পাকিস্তানকে ৪৭ ওভারে দ্রুত অলআউট করলেও ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকাও। এই রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল প্রথম ইনিংসে ৪৩ রানে চার উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। ১৯ রানে ওপেনার এইডেন মার্করাম (১২) ফিরেন হাসান আলীর বলে এলবির ফাঁদে পড়ে। দলীয় ৪৩ রানে আউট হন তিন ব্যাটসম্যান। হাশিম আমলাকে (৮) ফেরান মোহাম্মদ আমির। ইনিংসের ১৫তম ওভারে তরুণ শাহীন শাহ আফ্রিদির পরপর দুই বলে আউট হন ডিন এলগার (২২) ও অধিনায়ক ফাফ ডু প্লেসিস (০)। এলগার আজহার আলীর হাতে ও ডু প্লেসিস বাবর আজমের হাতে ক্যাচ দেন।
উল্লেখ্য, সফরে প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।