টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন ডান হাতি পেসার ডেল স্টেইন। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়নে গতকাল বক্সিং ডে তে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে এই রেকর্ড গড়েন তিনি। পাকিস্তানের ফখর জামানকে শিকার করে টেস্টে নিজের উইকেট সংখ্যা ৪২২-এ নিয়ে যান স্টেইন। ফলে পেছনে পড়ে যান সাবেক অধিনায়ক ডান-হাতি পেসার শন পোলক। ১০৮ ম্যাচে ৪২১ উইকেট নিয়ে এতদিন পোলক ছিলেন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ শিকারি। তবে ৮৯ ম্যাচে ৪২২ উইকেট নিয়ে রেকর্ড গড়েন স্টেইন। স্টেইন যখন এই রেকর্ডের মালিক হন তখন ধারাভাষ্যকার ছিলেন পোলক। এ সময় স্টেইনের প্রশংসা করে পোলক বলেন, ‘অবশ্যই দুর্দান্ত পারফরমেন্স, অবশ্যই চ্যাম্পিয়ন বোলার এবং পেস আক্রমণের সত্যিকারের নেতা।’