ছদ্মবেশী হুলোরা

এই সময়ের ছড়া 

মুস্তাফা মাসুদ

 

ছদ্মবেশী হুলোরা আজ যতই জোরে ফাল মারুক,

মুখোশ তাদের খুলে গেলে যতই রাগের ঝাল ঝাড়ুক;

তবু তাদের খুঁজে খুঁজে ধরতে হবেই জুত করে—

এতটা কাল যারা সুখে দুধ খেয়েছে পেটভরে।

দুধ খেয়েছে, সর খেয়েছে, মাখন-পনির-গাওয়া-ঘি,

আরো কত কী খেয়েছে সে-সবের আর হিসাব কী!

এখন দেখি ওই হুলোরা ছুঁচোর অধম—কাট্টা-চোর,

বাড়ি-গাড়ি-জমিনখেকো আর মনিবের নিমকখোর।

মন-ভোলানো সুরত বটে, তার আড়ালে এত্তো কাই!

ওদের নখের বিষ-থাবাতে ধ্বংস হবে সমাজটাই!

কিন্তু সেদিন সাঙ্গ বুঝি—বাঘ নেমেছে চারদিকে,

নিমকহারাম ওই হুলোরা এবার হবেই চামচিকে।

ওদের এখন হচ্ছে ধরা, দেশজুড়ে তাই খুশির ঢেউ;

এমনিভাবেই চলতে থাকুক—ফসকে যেন না-যায় কেউ।