সংকটের নাম ‘সার্ভার নাই’

২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর থেকে দেশের সকল ভোটারের তথ্য সংরক্ষিত আছে নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডারে। যার ফলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত যে কোনো সেবার জন্য জনগণকে ইসির তথ্যভাণ্ডারের ওপর নির্ভরশীল থাকতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, গত ৩ মাসের বেশি সময় ধরে এই তথ্যভাণ্ডারের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে সংযুক্তই হওয়া যাচ্ছে না! সার্ভার নিয়ে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নানামাত্রিক ভোগান্তির। এনআইডি সেবা নিতে যাওয়াদের বড়ো একটি অংশের কর্মকর্তাদের কাছ থেকে শুনতে হচ্ছে ‘সার্ভার নাই’ কথাটি। সংযোগ পাওয়ার সংবাদ পেলে পরক্ষণেই আবার পাওয়া যায় না এই তথ্যভাণ্ডার। সার্ভার থাকা সাপেক্ষে মেলে এনআইডি সেবা। যার ফলে এনআইডিসংক্রান্ত সাধারণ সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাঘাত ঘটছে? প্রতিদিন দূরদূরান্ত থেকে আগত হাজার হাজার সাধারণ এনআইডি সেবাগ্রহিতা শুধু ‘সার্ভার নাই’ এই সমস্যা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। অথচ ভিআইপিদের কাজ ঠিকই হচ্ছে! সার্বক্ষণিক সার্ভার না থাকাকে পুঁজি করে একটি অশুভ চক্র ‘সার্ভার নাই’ স্লোগান তুলেও সাধারণ নাগরিকদের সেবা থেকে বঞ্চিত করে চলছেন। সার্ভার না থাকায় অসংখ্য ফাইল কর্মকর্তাদের টেবিলে জমে আছে। গত ২রা মার্চ ভোটার দিবস গেল। অথচ ঐ ভোটার দিবসেও ইসির সার্ভার ঠিকঠাক কাজ করেনি! গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ব্যর্থ হয়ে মার্চ মাসের মাঝামাঝি সময়েও আমাকে শুনতে হচ্ছে ‘সার্ভার নাই’! সাধারণ মানুষ নিজেদের কর্মঘণ্টা ও অর্থ নষ্ট করেও কেন এই সেবাটুকু পাবে না? জনসাধারণের জন্য কেন নিরবিচ্ছিন্ন সার্ভার নাই, আর কিভাবে কথিত ভিআইপিরা একই সময় সার্ভার পাচ্ছেন তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জানাচ্ছি।

তৌহিদ বিল্লাহ

পলাশ, নরসিংদী