মৌসুম শেষে বরখাস্ত হতে পারেন বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক

আর্নেস্তো ভেলভার্দে যদি সহসাই নিজের ভবিষ্যত্ পরিকল্পনা না জানান, সেক্ষেত্রে বার্সেলোনা মৌসুম শেষে তাকে বাদ দিয়ে দিতে পারে। স্পানিশ গণমাধ্যম মার্কা এ তথ্য জানিয়েছে।

বার্সেলোনায় শেষ কবে কোন কোচ বরখাস্ত হয়েছিলেন, সেটাও চট করে বলা সম্ভব না। কারণ এরকম ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০০৩ সালে। কাতালান ক্লাবটি ২০০৩ সালে সর্বশেষ কোচ বরখাস্ত করেছিল। দল ভাল খেলছিল না বলে বার্সেলোনা কর্তৃপক্ষ সেসময়ের কোচ লুই ফন গলকে মৌসুমের মাঝামাঝিতে বরখাস্ত করেছিলেন। তার বরখাস্তের পর রাদোমির অ্যানটিচ, ফ্র্যাঙ্ক রাইকার্ড, পেপ গার্দিওলা, টিটো ভিলানোভা, জেরার্ডো মার্টিনো, লুইস এনরিখের পর সবশেষে ভেলভার্দে দায়িত্ব পালন করছেন। ক্যান্সারে মৃত্যুবরন করা ভিলানোভা ছাড়া বাকিরা নিজেদের ইচ্ছেতেই দল ছেড়ে গেছেন।

এমনকি যে কোচদের ক্লাবটি পছন্দ করেনি, তাদের চলে যাওয়ার ব্যাপারে পরে গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করেছে বার্সেলোনা।

কোচ নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার কারণ ২০১৭ সালে বার্সেলোনায় আসা ভেলভার্দে এখন পর্যন্ত নিজের ভবিষ্যত নিয়ে কিছু বলছেন না। চুক্তি অনুযায়ী তার মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ আছে। কিন্তু সেটা হবে যদি ভেলভার্দে নিজে এ দায়িত্বে থাকতে আগ্রহী হন। স্পানিশ মার্কা জানাচ্ছে বড়দিনের আগে কোচ ক্লাব কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেছিলেন। তবে সেটা জানুয়ারীতে একজন ডিফেন্ডারকে নেয়ার জন্য। নিজের ব্যাপারে নয়। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ চান ভেলভার্দে নিজে যেন ফেব্রুয়ারীর মধ্যে জানান যে তিনি কোচ হিসেবে থাকতে চান কি চান না। কিন্তু তিনি যদি এনরিখের মতো চলে যেতে চান, তাহলে ক্লাবটি নতুন কোচ খোজা শুরু করবে। এনরিখে ২০০৭ সালে নিজে থেকে চলে গিয়েছিলেন। বার্সা কর্তৃপক্ষ অবশ্য ভেলভার্দের ব্যাপারে খুশি আছে এবং এক বছর মেয়াদ বাড়ানোর শর্তটি বাস্তবায়নের পক্ষে। কিন্তু কোচ তা না জানালে ব্যবস্থা নিতে পারছে না বার্সেলোনা। এদিকে মৌসুম শেষে যদি তিনি চলে যান সেক্ষেত্রে কে ভেলভার্দের স্থলাভিষিক্ত হবেন, তা নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে এক্ষেত্রে এক নম্বর পছন্দ টটেনহ্যাম হটস্পারের কোচ মরিচিও পচেত্তিনো।