জাপানের অলিম্পিক মন্ত্রী জানিয়েছেন, তার দেশ এখনো আগের সূচি অনুযায়ী ‘পরিপূর্ণ’ এবং দর্শক উপস্থিতির এক টোকিও অলিম্পিক আয়োজনের পরিকল্পনা করে যাচ্ছে। গত শনিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছিলেন করোনা ভাইরাসের হুমকি সত্ত্বেও অলিম্পিক কার্যক্রম এগিয়ে যাবে। আইওসির গতকাল মঙ্গলবার এ ব্যাপারে বৈঠকে বসে করণীয় সাব্যস্ত করার কথা। বিশেষ করে অলিম্পিকের বাছাই টুর্নামেন্টগুলো করোনার কারণে বিপর্যস্ত হওয়ায়। তারমধ্যেই জাপানের ক্রীড়ামন্ত্রী সেইকো হাশিমোটো বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে পরিপূর্ণ এক অলিম্পিক। সময়মতো প্রস্তুতির জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাব যাতে করে আইওসি বুঝতে পারে যে, আমরা অলিম্পিক আয়োজনে সমর্থ।’ উল্লেখ্য জাপানেও করোনা ভাইরাস আঘাত হেনেছে। এখন পর্যন্ত দেশটিতে ১ হাজার ৪০০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৮ জন।