স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম প্রথম বিভাগ ও প্রিমিয়ার ফুটবল লিগ আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাসের জের হিসেবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নেয়। পরিস্থিতির স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত এই ঘোষণা বলবত্ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সূচি জানিয়ে দেয়া হবে।
এদিকে চট্টগ্রাম প্রথম বিভাগ ফুটবল লিগের ৪৫টি খেলার মধ্যে ২১টি খেলার নিষ্পত্তি করা হয়েছে। তার মধ্যে ঐতিহ্যবাহী রাইজিং স্টার ক্লাব চার খেলা শেষে ১২ পয়েন্ট পেয়ে এগিয়ে রয়েছে। রাইজিং স্টার ক্লাবের পেছনে রয়েছে বাকলিয়া একাদশ। চার খেলা শেষে তারা ৩টিতে জয় এবং ১টিতে ড্র করে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। লিগের শুরুর দিকে ভালো পারফরম করা দল শতদল ক্লাব মধ্যখানে এসে খেই হারিয়ে ফেলেছে। পাঁচ খেলা শেষে ২ জয়, ১ ড্র ও ২ পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে লড়াই থেকে ছিটকে পড়েছে দলটি।
পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, ফিরিঙ্গী বাজার লাকি স্টার ক্লাব শুরুর দিকে পয়েন্ট হারিয়ে চাপে পড়লেও পরবর্তীতে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে লড়াইয়ে ফিরে এসেছে। অংশগ্রহণকারী অন্যান্য দলগুলোর মধ্যে কল্লোল সংঘ, রেলওয়ে রেঞ্জার্স, নওজোয়ান ক্লাব ও কর্ণফুলী ক্লাব কোনোক্রমে লড়াইয়ে টিকে থাকলেও কমরেড ক্লাব এখনো তলানিতে রয়েছে। এরই মধ্যে চারটি খেলা শেষ করে প্রত্যেকটিতে পরাস্ত হয়েছে। নির্ঘাত রেলিগেশনের দিকে অগ্রসর হচ্ছে আগ্রাবাদের দলটি।