ইত্তেফাক ডেস্ক
করোনা ভাইরাস প্রতিরোধে ও সচেতনতা সৃষ্টিতে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
স্টাফ রিপোর্টার, রংপুর নগরীর কামারপাড়া-ঢাকা কোচস্ট্যান্ডে দুপুরে পরিবহন স্টাফ ও যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে মাস্ক বিতরণ করা হয়। পরিবহন স্টাফ ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন, রংপুর বিভাগীয় ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মজিদ।
রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে স্কাউটসের জেলা রোভার স্কাউটের সদস্যরা।
মাগুরা প্রতিনিধি জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তিনি শহরের বিভিন্ন সড়ক ও বিপনিবিতানগুলোতে এ প্রচারপত্র বিলি করেন।
শাবি সংবাদদাতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় দিকে মাস্ক বিতরণ করা হয়।
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সমাজসেবামূলক প্রতিষ্ঠান পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাবের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
পলাশ (নরসিংদী) সংবাদদাতা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছেন। সকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ প্রচারণাপত্র বিলি করা হয়।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদীসহ সংগঠনের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়েছে।
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা আদমদীঘি থানার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।