মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী ফয়সাল হোসাইনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ নুরুন্নাহার বন্যার (২৭) ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ফয়সাল হোসাইন উপজেলার বিরাজপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
বন্যার বাবা সামছুল হক জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো ফয়সাল ও তার পরিবারের সদস্যরা। কয়েকদিন আগে বন্যা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়িতে চলে আসে। গত শুক্রবার বন্যাকে নিতে এসে সবার সামনেই মারধর করে ফয়সাল। পরে উভয়কে বুঝিয়ে শুনিয়ে বন্যাকে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে পাঠানো হয়। ফয়সাল ও তার পরিবারের সদস্যদের অত্যাচার আর প্ররোচনাতেই সোমবার রাতে তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেন সামছুল হক। শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ দায়ের করলে স্বামী ফয়সালকে গ্রেফতার করা হয়। গৃহবধূ নুরুন্নাহার বন্যার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।