পলাশ (নরসিংদী) সংবাদদাতা
নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনা ও রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে পলাশ ইউরিয়া সার কারখানা ক্যাম্পের আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সার কারখানার নিরাপত্তাকর্মী ও গ্রামবাসীসহ পাঁচ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল পৌর এলাকায় পলাশ সার কারখানার গেটে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত গ্রামবাসী পলাশ সার কারখানার সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) শফিকুল ইসলামের একটি মোটরসাইকেল ভেঙে গুঁড়িয়ে দেয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পলাশ ইউরিয়া সার কারখানার দেওয়াল ভেঙে দিয়ে আনসার সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।