কেক কেটে বেলুন উড়িয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন

ইত্তেফাক রিপোর্ট

গতকাল বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন : ১০০ পাউন্ড ওজনের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল দিবসের প্রথম প্রহরে নগর ভবনের প্রধান কার্যালয়ে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে দিবসটি উদ্যাপন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত, মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে নির্মিত লেজার শো ও বিভিন্ন সংগীত পরিবেশনের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। এছাড়া জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, নগর ভবনসহ সংস্থার সব আঞ্চলিক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ডিএসসিসি এলাকার সব মসজিদে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন, ডিএসসিসির ব্যবস্থাপনাধীন হাসপাতাল ও মাতৃসদনে উন্নত খাবার ও মিষ্টি বিতরণ করা হয়।

ঢামেক ও বিএসএমএমইউ : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিনা মূল্যে সার্জারি, বিশেষজ্ঞ চিকিত্সাসেবা, ওপেন হার্ট সার্জারি, ক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল সকালে বিএসএমএমইউর বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। সোমবার রাত ১২টা ১ মিনিটে ‘মুজিব শতবর্ষের লোগো-সংবলিত’ বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় গৃহীত কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এছাড়া গতকাল সকাল ৮টায় বহির্বিভাগে বিনা মূল্যে রোগীদের হাতে টিকিট তুলে দেওয়ার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিত্সাসেবা কার্যক্রম শুরু হয়।

নারায়ণগঞ্জ : সকাল সাড়ে ৮টায় নগরীর চাষাঢ়ায় বিজয়স্তম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন ও পুলিশ সুপার মো. জায়েদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন শহরের কালীরবাজার এলাকায় নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজে নবনির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকালে চাষাঢ়ায় বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম, র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। একই সময়ে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী।

সাভার :নানা আয়োজনে সাভারে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রবেশদ্বারে আলোকসজ্জা করা হয়েছে।

গাজীপুর : গতকাল  ভোরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং কেক কাটা হয়। গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম নগরীর আড়াই হাজার মসজিদের ইমাম-খতিবদের সম্মানী তিন হাজার টাকা করে চেক প্রদান করেন। গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি  মুজিবুর রহমান।  গাজীপুর জেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আখতারউজ্জামান।  এছাড়া ভাওয়াল আইডিয়াল একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শামসুন নাহার ভুঁইয়া এমপি।

এসডিআই, সুস্থজীবন ও গুণীজন ফাউন্ডেশন: বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা ‘এসডিআই’, ধানমন্ডি লেকপাড় ভিত্তিক প্রাতঃভ্রমণকারীদের সংগঠণ ‘সুস্থ জীবন’ এবং ‘গুণীজন ফাউন্ডেশন’ বঙ্গবন্ধুর জন্মশতর্বার্ষিকী উদ্যাপন করেছে। ধানমন্ডি লেকপাড়ে সুস্থজীবন কর্নারে আয়োজিত এ অনুষ্ঠানে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া তাঁর জীবনাদর্শের ওপর আলোচনা, দোয়া মাহফিল এবং দরিদ্রদের মধ্যে খাবার ও সকলের মাঝে মিষ্টি পরিবেশন করা হয়। সুস্থজীবনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, এসডিআইয়ের নির্বাহী পরিচালক গুণীজন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুণীজন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান  অভিনেতা অধ্যাপক  ড. ইনামুল হক প্রমুখ।

জ্বালানি ও খনিজ সম্পাদ বিভাগ : গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গৃহীত কর্মপরিকল্পনা এবং পেট্রোবাংলার দিক নির্দেশনা অনুযায়ী জিটিসিএল-এর প্রধান কার্যালয়সহ সকল আঞ্চলিক কার্যালয় ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া, জিটিসিএল-এর প্রধান কার্যালয় ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’-এ স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পেট্রোবাংলা ও এর অধীনস্থ সকল কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে জিটিসিএল-এর কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।