ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৫টি স্থানে পথচারীদের জন্য হাত ধোয়ার কর্মসূচি গ্রহণ করেছে। ডিএনসিসির নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম এবং প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা গতকাল মঙ্গলবার গুলশান ২ নম্বর ডিএনসিসি মার্কেটের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মহাখালীর কাঁচাবাজার মোড়ে মেয়র আতিকুল ইসলাম স্বেচ্ছাসেবীদের শপথ বাক্য পাঠ করান। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিডি ক্লিন’ এর উদ্যোগে ঢাকা উত্তর সিটিসহ সারাদেশের ১০০টি স্থানে পরিষ্কার অভিযানের উদ্বোধন করা হয়। এ সময় বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন ছাড়াও প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।