বিদেশফেরত, জ্বর হাঁচি কাশি আক্রান্তদের মসজিদে না যাওয়ার পরামর্শ

ইত্তেফাক রিপোর্ট

বিদেশফেরত ব্যক্তি, করোনা ভাইরাসের লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে না যাওয়াসহ জনসমাগম পরিহারের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ থেকে ধর্মপ্রাণ মুসল্লিসহ মানবজাতিকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে এ বিষয়টি দেশের সব মসজিদে জুমার খুতবায় গুরুত্বসহকারে আলোচনা করা এবং করোনা ভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার জন্য মসজিদের সম্মানিত খতিব ও ইমামদের বিশেষভাবে অনুরোধ করা হলো।