ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দুই দেশের যৌথ ঐতিহ্য রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, লালন শাহ, জীবনানন্দ দাশ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মনীষীরা। বঙ্গবন্ধুর উত্তরাধিকার ও অনুপ্রেরণা এই ঐতিহ্যকে আরো বিস্তৃত করেছে। ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে এই অভিন্ন ঐতিহ্যের ভিত্তিতে। গতকাল মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ভুটানের রাজা জিগমে খেসার নমগেয়েল ওয়াংচুক, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজ এবং ওআইসির মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিনসহ বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান ভিডিও বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সমগ্র বাংলাদেশকে ১৩০ কোটি ভারতীয় ভাই-বন্ধুর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ব্যক্তিগতভাবে এই ঐতিহাসিক সমারোহে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু করোনা ভাইরাসের বিস্তারজনিত কারণে আমার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। পরে শেখ হাসিনা নিজেই একটি বিকল্প প্রস্তাব দেন এবং সে কারণে আমি এই ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে সংযুক্ত হয়েছি।’ ভারতের প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গত শতাব্দীর মহান ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। তার সমগ্র জীবন আমাদের সবার জন্য অনেক বড়ো প্রেরণা। বঙ্গবন্ধু মানে—একজন সাহসী নেতা; একজন দৃঢ়চেতা মানুষ; একজন ঋষিতুল্য শান্তিদূত; একজন ন্যায়, সাম্য ও মর্যাদার রক্ষাকর্তা; একজন পাশবিকতাবিরোধী এবং যে কোনো জোর-জুলুমের বিরুদ্ধে একজন ঢাল।
নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের এই ঐতিহ্য, আত্মিক বন্ধন, বঙ্গবন্ধুর দেখানো পথ, এই দশকেও দুই দেশের অংশীদারিত্ব, অগ্রগতি ও সমৃদ্ধির এক শক্তিশালী ভিত্তি।’
শেখ হাসিনাকে মুজিববর্ষের
শুভেচ্ছা ভুটানের
প্রধানমন্ত্রীর
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং ‘মুজিববর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে তাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।