কক্সবাজারে ‘জাতির জনকের ম্যুরাল ও ফ্ল্যাট প্রকল্প’ উন্মোচন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল টেরাকোটা ও ফ্ল্যাট প্রকল্প’ উন্মোচন করা হয়েছে। শহরের লাবণী পয়েন্টে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নির্মিত এই ম্যুরালটি মঙ্গলবার দুপুরে উন্মোচন করা হয়।

ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে এমপি সাইমুম সরওয়ার কমল, সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে কেক কেটে জন্মশতবার্ষিকী পালনের পর কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসন প্রকল্পের প্রসপেকটাসের মোড়ক উন্মোচন করা হয়।

পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, র্যাব-১৫-এর কমান্ডার আজিম আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন চৌধুরী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, কউক সচিব আবু জাফর রাসেদ ও বিমান বাহিনী শেখ হাসিনা ঘাঁটির প্রধান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

অপরদিকে সার্কিট হাউজ এলাকায় বিশেষ চাহিদাসম্পন্নদের প্রতিষ্ঠান অরুনোদয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতিতে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে মুজিব শতবর্ষ উদ্যাপন করেছে কক্সবাজার মেডিক্যাল কলেজও। অধ্যক্ষ প্রফেসর অনুপম বড়ুয়ার নেতৃত্বে অনুষ্ঠানে বি এম এ সভাপতি পুঁ চ নু, সম্পাদক মাহবুবুর রহমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোচনা করেন।