যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুসহ সড়কে বিভিন্ন স্থানে পাঁচ জন নিহত হয়েছেন। সোম ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
যশোর :যশোর সদর উপজেলার রাজাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার রাতে খাজুরা কলেজ-রাজাপুর সড়কের রাজাপুর ডাঙ্গাবয়রা মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী সদরের ইছালী মথুরাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন (২২) ও একই গ্রামের কুরবান আলীর ছেলে যশোর সরকারি সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সবুজ হোসেন (২১)।
সিরাজগঞ্জ প্রতিনিধি ও উল্লাপাড়া :সলঙ্গায় পিকআপ ভ্যান ও নসিমন মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গতকাল হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জগদিশ চন্দ্র সরকারের ছেলে নয়ন সরকার নাটোর জেলার গুরুদাসপুরের বাসিন্দা। অন্য জনের পরিচয় জানা যায়নি।
হাকিমপুর (দিনাজপুর) :হাকিমপুর উপজেলার সিংড়াপাড়া এলাকায় গতকাল বালু বোঝাই ট্রলির ধাক্কায় সাদিকা বেওয়া (৬০) নামে এক জন নিহত হয়েছেন। সাদিকা উপজেলার হাতিশো গ্রামের মৃত খলিল উদ্দিনের স্ত্রী।