জনস্রোতের সামনে কোনো ষড়যন্ত্রই টিকতে পারবে না ------এমপি নিক্সন চৌধুরী

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তাঁর নির্বাচনী জনসভায় বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন মনে রাখবেন জনস্রোতের সামনে কোনো ষড়যন্ত্রই টিকে থাকতে পারবে না। বিগত ৫ বছর জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করে ফরিদপুর-৪ আসনের জনগণের মূল্যায়ন ফিরিয়ে দিয়েছি। একই সঙ্গে সমতার ভিত্তিতে ব্যাপক উন্নয়ন করেছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে বিজয়ী হবো ইনশাল্লাহ।

বুধবার বিকালে উপজেলার ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংসদ সদস্য (এমপি) নিক্সন চৌধুরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় নিক্সন চৌধুরী আরও বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে লক্ষ রেখে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।  তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে কাজী জাফরউল্লাহ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনবিচ্ছিন্ন কাজী জাফরউল্লাহ আমার জনপ্রিয়তা ও তার ভোটের মাঠে জনশূন্যতা দেখে এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। জনগণকে বলব সকাল সকাল ভোট কেন্দ্রে প্রবেশ করে আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দেবেন। আমি যদি গত ৫ বছর আপনাদের উন্নয়ন ও মূল্যায়ন করে থাকি তবে আমাকে আমার সিংহ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন। জনগণের স্রোতে মাঠ ভরে তা বিশ্বরোড ও মহাসড়কে ছড়িয়ে পড়ে। জনসভার কারণে বিশ্বরোড মোড়ে চৌরাস্তায় থেকে প্রতিটি সড়কের প্রায় ১০ কি.মি. পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জনসভায় ভাষণের শুরুতেই নিক্সন চৌধুরী বলেন, আমি বঙ্গবন্ধুর দৌহিত্র হিসেবেও ফরিদপুর-৪ আসনের সত্যিকার উন্নয়ন দিয়ে জনগণ তথা ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছি। তার প্রমাণ আজ আমি পেয়েছি। কারণ প্রায় ৫০ থেকে ৬০ হাজারেরও বেশি নারী-পুরুষ আজ জনসভায় আমাকে ভালোবেসে যোগ দিয়েছে। আপনারা তিন থানার লাখো জনতা যখন আমার সঙ্গে আছেন। ইনশাল্লাহ আগামীতে বিজয়ের মালা পরে আমি আপনাদের সেবা করব।

আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফরউল্লাহকে উদ্দেশ করে নিক্সন চৌধুরী বলেন, তিনি জনবিচ্ছিন্ন একজন নেতা, তার মিটিং-মিছিলে কোনো জনতা সাড়া দেয় না। তিনি বুঝতে পেরেছেন তার পরাজয় নিশ্চিত। তাই তিনি এখন ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। আমি প্রশাসনকে বলব আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন। এতেই জনতার বিজয় হবে। কোনোভাবেই জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতার অপব্যবহার করবেন না। করলে তার সকল দায়-দায়িত্ব আপনাদেরই নিতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। কোনো ধরনের ভোট চুরি করা না। তাই নির্বাচনের মাত্র দুই দিন বাকি। মাঠের পরিবেশ সুন্দর আছে, জনগণকে তাদের ভোট দিতে সার্বিক সহায়তা করুন।

ভাঙ্গা বার কাউন্সিলের সভাপতি এ্যাডভোকেট জহুরুল হকের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, ভাঙ্গা বাজার বণিক সমিতির সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেপ মাতুব্বর, হামেরদী ইউপি চেয়ারম্যান শামচুল আলম রাসেল, আলগী ইউপি চেয়ারম্যান কাওছার ভুইয়া, তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল মন্ডল, মানিকদাহ ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, নরুল্লাগঞ্জ ইউপি চেয়ারম্যান তারেক মাসুদ, কালামৃধা ইউপি চেয়ারম্যান লিঠু মাতুব্বর, সাবেক উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, ১০৫৫ মোটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গা অঞ্চলের সভাপতি আবুল কালাম মাতুব্বর, পৌর কাউন্সিলর ওমর আলী, পৌর কাউন্সিলর ওমর ফারুক হবি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি, শরীফাবাদ স্কুল এন্ড কলেজের সভাপতি মতিয়ার রহমান, সাবেক কেএম কলেজের জিএস লাবলূ মুন্সি, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, মামুন খন্দকার, হেমায়েত হোসেন, হায়াত মোল্লা প্রমুখ।