সংগীতশিল্পী সংগঠক নিলোত্পল সাধ্য আর নেই

বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী নিলোত্পল সাধ্য আর নেই। সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের সঙ্গে সারাদেশে ঘুরে ঘুরে রবীন্দ্রসংগীত শিক্ষা ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদকে প্রাতিষ্ঠানিক কাঠামো দেওয়াতে তার অনন্য অবদান রয়েছে। নিভৃতচারী এই সংগীতশিল্পী ব্যক্তিগত জীবনে প্রকৌশলী ছিলেন। বাস করতেন মগবাজারে। তার বাড়ি নেত্রকোনার ধোবাউড়া। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সংগীতশিল্পী লাইসা আহমেদ লিসা, পার্থ তানভীর নভেদ, বুলবুল ইসলাম, শারমীন সাথী ইসলাম ময়নাসহ সংগীত জগতের দিকপাল ব্যক্তিরা তার বাসায় ছুটে যান।

রবীন্দ্রসংগীত শিল্পী নিলোত্পল সাধ্য রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা ইত্তেফাককে জানান,নীলোত্পল সাধ্য ওয়াহিদুল হকের সঙ্গে ঘুরে ঘুরে সংগঠনের কাজ করে বেড়াতেন। এমন নিঃস্বার্থ সংগীতপ্রেমী খুব কম হয়। আমরা ছোটোবেলায় দেখেছি, তিনি ওয়াহিদুল হকের সঙ্গে বেশ কয়েকবার রাজশাহীতে এসেছেন। গান শেখাতেন। তিনি ব্যক্তিগত সুনাম বা সংগঠনের পদের জন্য কাজ করতেন না। সংগীতকে ভালোবেসে সংগীতের টানে সারাদেশে ঘুরে বেড়িয়েছেন। তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পোস্তগোলা মহাশ্মশানে অন্ত্যেস্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।