আজ আবুল মনসুর আহমদের ৪১তম মৃত্যুবার্ষিকী

আজ বুধবার উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ-এর ৪১তম মৃত্যুবার্ষিকী। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ধানীখোলা গ্রামে ৩ সেপ্টেম্বর ১৮৯৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে ১৮ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন।

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রুপাত্মক রচয়িতা আবুল মনসুর আহমদ ছিলেন একাধারে একজন সাহিত্যিক, রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক। তিনি ১৯৪৬-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘কৃষক’, ‘নবযুগ’ ও ‘ইত্তেহাদ’ এর সম্পাদক ছিলেন এবং তিনি ছিলেন আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার এক অগ্রপথিক।

অত্যন্ত সফল রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ শের-এ-বাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারে প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন এবং ১৯৫৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী হোসেন শহিদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারে ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী। পূর্ববাংলার স্বার্থের স্বপক্ষে শক্ত অবস্থান ও নানাবিধ উদ্যোগের জন্য বিশেষ করে শিল্পায়নের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।

তার রচনা সম্ভারের মধ্যে রয়েছে বিখ্যাত বিদ্রুপাত্মক রচনা ‘আয়না’, ‘আসমানী পর্দা’, ‘গালিভারের সফরনামা’ ও ‘ফুড কনফারেন্স’। আরো রয়েছে বাংলার সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের ওপর বিখ্যাত রচনাবলী। তার আত্মজীবনীমূলক দুটি গ্রন্থ হচ্ছে ‘আত্মকথা’ ও ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’।

উল্লেখ্য, বাংলা একাডেমি থেকে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম সম্পাদনায় আবুল মনসুর আহমদ রচনাসমগ্র তিন খণ্ড প্রকাশিত। আরো তিন খণ্ড নিয়ে কাজ চলছে। ডেইলি স্টার বুকস থেকে প্রকাশিত হয়েছে ড. নুরুল আমিন সম্পাদিত আবুল মনসুর আহমদের শ্রেষ্ঠ গল্প, ড. মো. চেঙ্গিশ খানের আবুল মনসুর আহমদের জীবনদর্শন ও সৃজনভবন। প্রথমা থেকে ইমরান মাহফুজ সম্পাদিত আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ।