সৌদি আরবে দুটি বাদে সব মসজিদে জামায়াত স্থগিত

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী ছাড়া দেশের বাকি সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। গতকাল মঙ্গলবার সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংগঠন ‘দ্য কাউন্সিল অব স্কলার্স’ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মসজিদ পুরোপুরি বন্ধ করা হয়নি। সেখানে শুধু জামায়াতে নামাজ পড়া সাময়িক স্থগিত করা হয়েছে। নিয়মিত আজান হবে এবং সবাইকে বাসায় নামাজ পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সৌদি আরবে এ পর্যন্ত অন্তত ১৭১ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৮ জন।