নান্দাইলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মূল লড়াই

ময়মনসিংহ প্রতিনিধি ও নান্দাইল সংবাদদাতা

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান এমপি ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী আনোয়ারুল আবেদীন খান ও বিএনপি দলীয় প্রার্থী ও সাবেক এমপি খুররম খান চৌধুরীর সাথে। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই দুইজন প্রার্থী ব্যাপক গণসংযোগে নেমেছেন। দিনরাত তারা ব্যক্তিগতভাবে ভোটারদের সঙ্গে কথা বলা, উঠান বৈঠক, পথসভা ও নির্বাচনী সভা করে প্রচারণা চালাচ্ছেন। সেই সাথে অন্য দুইটি দলের প্রার্থীরাও নিশ্চিত পরাজয় হবে জেনেও বসে নেই। সর্বত্রই পোস্টার লাগিয়ে, মাইকিং করে নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নান্দাইলে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির এমপি একাধিকবার বিভিন্ন সময় নির্বাচিত হয়েছেন। বিগত সংসদ নির্বাচনে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আব্দুল সালাম দলীয় মনোনয়ন পেলেও ঋণখেলাপির অভিযোগে তা বাতিল হয়ে যায়। সে সময় ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আবেদীন খান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। আনোয়ারুল আবেদীন খান নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় বিভক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। তিনি নিজে একটি আহ্বায়ক কমিটি নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যান। সেই সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নিরলসভাবে এলাকায় কাজ করে যাওয়ায় তার জনপ্রিয়তা বাড়তে থাকে।

অপরদিকে, প্রবীণ নেতা, জেলা উত্তর বিএনপির আহ্বায়ক খুররম খান চৌধুরী নান্দাইল আসন থেকে তিনবার এমপি হয়েছেন। একবার এমপি প্রার্থী হয়েছেন পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ আসন থেকে। দল বদলের মাধ্যমে বিএনপি থেকে জাতীয় পার্টি এবং শেষ পর্যন্ত বিএনপিতে যোগ দিয়েছেন।

আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুল আবেদীন খান জানান, আমি মনোনয়ন পাওয়ার পরপরই আওয়ামী লীগের কোন্দল বা গ্রুপিং মিটে গেছে। আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি এবার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেও প্রতীক বরাদ্দের পর তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর নির্দেশে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি বিভিন্ন সভায় বলে আসছেন এবার নির্বাচিত হলে নান্দাইল পৌরশহরের নরসুন্দা নদীর ওপর জনগণের কাঙ্খিত ত্রিমোহনী সেতু করে দিবেন। গ্রামের প্রত্যন্ত কাঁচা সড়কগুলো পাকা করে দিবেন। শতভাগ বিদ্যুত্ পৌঁছবে গোটা নান্দাইলে। এলাকাবাসী পাবেন গ্যাসের সুবিধাও।

অপরদিকে, বিএনপি দলীয় প্রার্থী খুররম খান চৌধুরী বলেন, নান্দাইলের উন্নয়ন বলতে যা বুঝায় সব কিছুই আমার মাধ্যমে হয়েছে। প্রথমত আমি নান্দাইলে বিদ্যুত্ সংযোগের ব্যবস্থা করি। ইউনিয়ন পরিষদের সদস্য থেকে ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং চারবার সংসদ সদস্য হয়েছি। বর্তমানে আমি স্বাধীনভাবে জনসংযোগ করতে পারছি না। আমার নেতাকর্মীদের মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। তারপরও সুষ্ঠু নির্বাচন হলে আমি শতভাগ বিজয় আশা করি। কারণ জনগণ আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি চায়। আমি নির্বাচিত হলে অতীতের ন্যায় সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লাগবে।

আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও এ আসনে মোহাম্মদ হাসনাত মাহমুদ (জাতীয় পার্টি-লাঙ্গল), মো. সাইদুর রহমান (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন-হাতপাখা), মো. শফিকুল আলম (জাকের পার্টি-গোলাপফুল) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।