সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ১০ জন প্রার্থী থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে মহাজোটের লাঙ্গল মার্কার প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী মাজেদুর রহমানের মধ্যে। নির্বাচনী প্রচার প্রচারণায় লাঙ্গল মার্কার প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও তার নেতাকর্মীরা মাঠ চষে বেড়ালেও ঐক্যফ্রন্টের প্রার্থী মাজেদুর রহমানের প্রচার প্রচারণা তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না।
স্থানীয় ভোটারদের দাবি, সুন্দরগঞ্জ আসনটি জামায়াতের শক্ত ঘাঁটি হওয়ায় তাদের নীরব ভোট ব্যাংক রয়েছে। এ অবস্থায় ঐক্যফ্রন্টের প্রার্থীর পক্ষে ঐ সকল ভোটারেরা সক্রিয় ভূমিকা রাখতে পারে। এতে করে ঐক্যফ্রন্ট প্রার্থী সুবিধাজনক অবস্থায় রয়েছেন। তবে তাদের প্রচার প্রচারণা ক্ষীণ হওয়ায় মহাজোটের প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নির্বাচনে জয়লাভ করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে।