আক্রান্ত সাবেক রিয়াল সভাপতি স্প্যানিশ কোচের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

ইউরোপ জুড়ে এখন করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে। আর বৈশ্বিক এই মহামারিতে সবচেয়ে বেশি ভুগছে ইউরোপ। জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড থেকে শুরু ইউরোপের কোনো দেশ বাকি নেই যে, করোনা আক্রান্ত হচ্ছে না। ইতালির পর এখন এই রোগ সবচেয়ে তীব্র আকার নিয়েছে স্পেনে।

আর সেই তোপটা পড়েছে ফুটবল মহলেও। জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো স্যানজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। ৭৬ বছর বয়সি এই ফুটবল প্রশাসকে এখন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন, অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রিয়াল মাদ্রিদে স্মরণীয় সময় কাটান স্যানজ। তিনি ক্লাবটির সভাপতি থাকা অবস্থায় ১৯৯৮ ও ২০০০ সালে ইউরোপিয়ান কাপ (বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) জয় করে এল গ্যালাকটিকোরা।

এদিকে, স্পেনেই করোনা ভাইরাসের সংক্রমণে এক ফুটবল কোচ মারা গেছেন। ফুটবল সংশ্লিষ্ট কেউ এই প্রথম ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।

মালাগাভিত্তিক ক্লাব অ্যাটলেটিকো পোর্তাদা আলতার এই কোচটি হলেন ফ্রান্সিসকো গার্সিয়া। ২১ বছর বয়সি এই কোচ করোনা ভাইরাসে পজেটিভ প্রমাণিত হওয়ায় গত সপ্তাহে মালাগার স্থানীয় এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর ধরা পড়ে দুরারোগ্য লিউকেমিয়াও বাসা বেঁধেছে তার শরীরে।

ফলে করোনা ভাইরাসের সংক্রমণ প্রকট হয়েই ধরা দিয়েছিল তার কাছে। প্রায় সপ্তাহখানেক রোগটিতে ভুগে শেষমেশ গত রবিবার স্থানীয় সময় বিকালে মৃত্যুবরণ করেন তিনি।

গার্সিয়াকে নিয়ে সর্বমোট সাত জন করোনা ভাইরাসের কারণে প্রাণ হারালেন। তবে স্প্যানিশ এই কোচ বাদে বাকি সবাই ছিলেন ৭০ কিংবা তার চেয়ে বেশি বয়স্ক। তার অকাল মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন ক্লাবটির সভাপতি পেপ বুয়েনো। শনিবার রাত থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে স্পেনে।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইতালিয়ান স্থপতি ভিত্তিরিও গ্রেগত্তি। গেল ১৫ মার্চ মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বার্সেলোনার বিখ্যাত অলিম্পিক স্টেডিয়ামের স্থপতি ছিলেন। ১৯৯২ সালে এই স্টেডিয়ামে অলিম্পিক ও প্যারা অলিম্পিকের আসর বসে।