করোনায় আক্রান্ত এস্পানিওলের ছয় ফুটবলার

স্প্যানিশ ক্লাব এস্পানিওলের ছয় জন ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সবার মধ্যে হালকা লক্ষণ দেখা দিয়েছে এবং প্রত্যেকে চিকিত্সকদের নির্দেশনা মেনে চলছেন বলে মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। একই দিনে স্পেনের আরেক ক্লাব ভালেন্সিয়া জানায়, তাদের দলের ৩৫ শতাংশ খেলোয়াড় ও স্টাফের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। বিশ্ব জুড়ে এই কোভিড-১৯ ভাইরাসের কারণে গত বৃহস্পতিবার দুই সপ্তাহের জন্য লা লিগা বন্ধ রাখার ঘোষণা দেয় স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ। ইতালির পর নোভেল করোনা ভাইরাস সংক্রমণে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ স্পেন। সবশেষ খবর অনুযায়ী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪০৯ জন, মারা গেছে ৫১০ জন।