চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের নতুন সূচি

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ আগেই পিছিয়ে নেওয়া হয়েছিল। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবার টুর্নামেন্টের ফাইনালের নতুন দিনক্ষণ নির্ধারণ করেছে। নতুন সূচি অনুযায়ী দুটো ফাইনালই আপাতত এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। উয়েফা এক বিবৃতিতে নতুন তারিখ ঘোষণা করেছে।

করোনা ভাইরাসে বিপর্যস্ত এখন পুরো ইউরোপ। ইতালির পর করোনায় কাঁপছে স্পেন। জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড থেকে শুরু ইউরোপের কোনো দেশ বাকি নেই যে করোনা আক্রান্ত হচ্ছে না। আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩০ মে, নতুন সূচিতে সেটা অনুষ্ঠিত হবে ২৭ জুন। অন্যদিকে ইউরোপা লিগের ফাইনাল ২৭ মে থেকে সরিয়ে ২৪ জুনে নেওয়া হয়েছে। আগের সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যথারীতি ইস্তাম্বুলেই আয়োজিত হবে। চলতি বছরের ইউরো ফুটবলের আসর এক বছরের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। এখানেই শেষ নয়, এক বছরের জন্য পিছিয়ে গেছে কোপা আমেরিকাও।

আসছে ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত সময়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের ১২টি ভেন্যুতে ইউরো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ১২ দেশের এই আসরটি পিছিয়ে ২০২১ সালে নেওয়া হয়েছে।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা গতকাল মঙ্গলবার জরুরি ভিডিও কনফারেন্স সভায় বসেছিল। অংশ নেয় বেশিরভাগ সদস্য দেশগুলো। আর সেখানেই ইউরো স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, করোনা ভাইরাসের প্রভাবে আগে থেকেই দক্ষিণ আমেরিকার সব ধরনের ফুটবল লিগ বন্ধ হয়েছিল। এবার এর ‘কোপ’ পড়লো এই অঞ্চলের সবচেয়ে জমজমাট আসর কোপা আমেরিকার ওপরও। এক বছরের জন্য এই আসর স্থগিত করা হয়েছে।