ব্রাউজারের যে এক্সটেনশনগুলো দৈনন্দিন কাজকে আরো সহজ করবে

মাহবুব শরীফ

 

আমরা প্রায় সবাই পিসিতে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি। কারণ, অধিকাংশ পিসি ইউজারের কাছেই সবথেকে ভালো ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। বর্তমানে গুগল ক্রোমের থেকেও বেশি ফিচারস-সমৃদ্ধ ব্রাউজার থাকলেও অনেকেই অনেক কারণে গুগল ক্রোম ব্যবহার করা ছেড়ে দিতে পারেন না। এর কারণ হচ্ছে অভ্যাস এবং গুগল ক্রোমের কিছু ফিচারস যেগুলো অন্যান্য ব্রাউজারে পাওয়া যায় না। আর এছাড়াও এর একটি বড়ো কারণ হচ্ছে ব্রাউজার কাস্টমাইজেশন এবং ব্রাউজার এক্সটেনশনস।  এ লেখায় এমন কয়েকটি ব্রাউজার এক্সটেনশনের বিষয়ে আলোচনা করা হলো যেগুলো আপনার দৈনন্দিন কাজকে আরো সহজ করবে।

লাস্টপাস

অনেকেই এই এক্সটেনশনটি সম্পর্কে জানেন বা অনেকে এটি অনেক আগে থেকেই ব্যবহার করেন। যারা জানেন না, তাদের বলি, এটি একটি পাসওয়ার্ড ম্যানেজার। এটি আমার মতে এখন পর্যন্ত তৈরি করা বেস্ট পাসওয়ার্ড ম্যানেজার। কারণ, এটিতে সেভ করা পাসওয়ার্ডের কোনো লিমিট নেই এবং এটি সম্পূর্ণ ফ্রি। পাসওয়ার্ড ম্যানেজার হলো এমন একটি সার্ভিস বা অ্যাপ যেটি আপনার সব ধরনের অনলাইন অ্যাকাউন্টয়ের লগ-ইন এবং পাসওয়ার্ড সেভ করে রাখে। যার ফলে, আপনাকে আপনার প্রত্যেকটি অনলাইন অ্যাকাউন্টয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে না। এই এক্সটেনশনটি শুধু পাসওয়ার্ড সেভ করেই রাখবে না, এছাড়াও আপনাকে নতুন কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করতে সাহায্যও করবে। একই পাসওয়ার্ড একাধিক অনলাইন অ্যাকাউন্টে ব্যবহার করা অবশ্যই আপনার সিকিউরিটির জন্য ভালো নয়। লাস্টপাস (Lastpass) এর সাহায্যে আপনি আপনার প্রত্যেকটি অনলাইন অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন এবং সেগুলো আপনাকে মনেও রাখতে হবে না।

ডাটা সেভার বাই গুগল

এই এক্সটেনশনটির নাম শুনেই আশা করি বুঝতে পেরেছেন যে এটির কাজ কী। এটি একটি ডেটা সেভার এক্সটেনশন যেটি গুগলের নিজের তৈরি। আপনি যদি ওয়াইফাই ইউজার হন, তাহলে আমি জানি আপনার এটির কোনো দরকার নেই। কিন্তু আপনি যদি লিমিটেড ইন্টারনেট ইউজার হন, তাহলে আপনার জন্য এই এক্সটেনশনটি কাজের হতে পারে।

আপনি এই এক্সটেনশনটি ডাউনলোড করার পরে ব্রাউজারের অ্যাড্রেস বারের পাশের এটির একটি ছোট্ট আইকন পাবেন। আইকনটিতে ক্লিক করলে একটি ছোটো উইজেটে আপনার ঐদিনের মোট ডেটা ইউজেস দেখানো হবে গ্রাফ আকারে। তার ওপরেই একটি সুইচ পাবেন যার সাহায্যে ডেটা সেভিং অন-অফ করতে পারবেন। ডেটা সেভিং অন করলে অন করার পরে থেকে কতটুকু ডেটা সেভ করা হলো সেটি উইজেটের নিচে দেখতে পাবেন। Details অপশনে ক্লিক করে একটি নতুন ব্রাউজার ট্যাব ওপেন করা আপনাকে লাস্ট দুই মাস, এক মাস, এক সপ্তাহ, এক দিনের ডেটা ইউজেস আলাদা আলাদা ভাবে গ্রাফ আকারে দেখানো হবে এবং আপনার ভিজিট করা কোন সাইটটি কত এমবি ডেটা ইউজ করেছে তাও দেখতে পারবেন।

গ্র্যামারলি

এই এক্সটেনটিও আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট ক্রোম ব্রাউজার এক্সটেনশনস। এই এক্সটেনশনটি মূলত আপনার ইংলিশ লেখার সব ধরনের ভুল সংশোধন করার সঙ্গে সঙ্গে আপনার রাইটিং স্কিলও আরো ইম্প্রুভ করতে সাহায্য করবে। আমরা কেউই শতভাগ পারফেক্ট নই। ইংলিশ লেখার সময় স্পেলিং মিস্টেক, গ্রামারের মিস্টেক আমাদের সবারই হয়ে থাকে। কিন্তু এই এক্সটেনশনটি ইন্সটল করে রাখলে ইংলিশ লেখার সময় আপনার প্রায় সব ধরনের ভুল সংশোধন করতে পারবেন। একটি উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি ক্রোম ব্রাউজার যেকোনো ধরনের টেক্সট ফিল্ডে কারো মেসেজের রিপ্লাইতে ভুল করে লিখলেন How is you?। আমরা সবাই জানি এই টার্মটি সঠিক নয়। কিন্তু এই ধরনের ভুল অন্যমনস্কতার কারণে যে কারোরই হতে পারে। কিন্তু এই এক্সটেনশনটি ইন্সটল করা থাকলে টেক্সট ফিল্ডে রং ওয়ার্ডটির নিচে লাল রঙ দিয়ে মার্ক করে দেখানো হবে যে আপনি এটা ভুল লিখেছেন। এবং ঐ ওয়ার্ডটির ওপরে মাউস কারসর নিয়ে গেলে আপনাকে দেখানো হবে যে এখানে are লেখা উচিত ছিল এবং আপনি একটি ক্লিক করেই বাক্যটিকে সঠিক করে নিতে পারবেন। এই এক্সটেনশনটি এই ধরনের অধিকাংশ ভুলই কারেক্ট করে দিতে পারবে।

ম্যাট ট্রান্সলেট

এটি মূলত একটি ট্রান্সলেট এক্সটেনশন। এটি আমার মতে ক্রোম স্টোরে অ্যাভেইলেবল বেস্ট ট্রান্সলেটর এক্সটেনশন। আমি জানি, গুগল ট্রান্সলেট হচ্ছে সবথেকে ভালো ট্রান্সলেট সার্ভিস, কিন্তু গুগল ট্রান্সলেটের যে ক্রোম এক্সটেনশনটি আছে সেটি অনেক আউটডেটেড। তাই গুগল ট্রান্সলেটের এক্সটেনশনটি এখন এতটা উপযোগী নয়। Mate Translate নামক  এই এক্সটেনশনটি অনেক স্ট্রেইট ফরওয়ার্ড। আপনি এক্সটেনশন আইকনে ক্লিক করে ছোটো উইজেট ওপেন করে যেকোনো সময় সেখানে ওয়ার্ড লিখে ট্রান্সলেট করতে পারবেন। এছাড়া, আমার মতে এই এক্সটেনশনটির বেস্ট ফিচার হচ্ছে, আপনি যে কোনো ওয়েবপেইজের যে কোনো ওয়ার্ড সিলেক্ট করে মাউজে রাইট ক্লিক করলেই ওয়ার্ডটি আপনার আগে সিলেক্ট করা ভাষায় ট্রান্সলেট করার অপশন পাবেন। ওয়ার্ডটি কপি করে আরেকটি নতুন ট্যাবে গুগল ট্রান্সলেট ওপেন করে তারপরে ওয়ার্ডটি পেস্ট করে ট্রান্সলেট করার তুলনায় এটি অনেক সহজ এবং টাইম সেভিং এবং এই এক্সটেনশনটির ইউজার ইন্টারফেসও যথেষ্ট মডার্ন এবং সুন্দর।

পকেট

এটিও বেশ কাজের একটি ব্রাউজার এক্সটেনশন। এই এক্সটেনশনটি আপনার যেকোনো ওয়েব লিংক বা  মেইনলি যেকোনো আর্টিকেল সেভ করে রাখবে। ধরুন, আপনি অনলাইনে কোনো একটি আর্টিকেল পেলেন যেটি আপনার কাছে দরকারি মনে হলো। কিন্তু সেই মুহূর্তে ওই আর্টিকেলটি পড়ার মতো যথেষ্ট সময় আপনার হাতে নেই। তখন আপনি ওই আর্টিকেলটি Pocket এক্সটেনশনে সেভ করে রাখবেন। এই এক্সটেনশনটি ঐ আর্টিকেলটিকে এর ডেটাবেজে সেভ করে রাখবে যাতে পরে যেকোনো সময় এসে আপনি ওই আর্টিকেলটি পড়তে পারেন। আপনি চাইলে কোনো ইউটিউব ভিডিও সেভ করেও রাখতে পারবেন পরে দেখার জন্য। এছাড়া, আপনি যদি একটি আর্টিকেল পড়েন যেটি আপনার কাছে ইম্পরট্যান্ট মনে হয় এবং মনে হয় যে এটি আপনার পরেও দরকার হতে পারে, তাহলেও আপনি এটি সেভ করে রাখতে পারবেন। এই এক্সটেনশনটি ব্যাবহার করতে হলে আপনার https://getpocket.com এ একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে যাতে আপনি আপনার সেভ করা পেজগুলো যেকোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারেন এক্সটেনশনে বা Pocket এর অ্যান্ড্রয়েড/আইওএস অ্যাপে সাইন ইন করার মাধ্যমে।