জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক মুজিব কর্নার স্থাপন করেছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল ঢাকার গুলশানে টেলিটকের প্রধান কার্যালয়ে স্থাপিত মুজিব কর্নার উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে টেলিটক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় টেলিযোগাযোগমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আধুনিক ডিজিটাল প্রযুক্তি বিকাশের পথপ্রদর্শক। ১৯৭৩ সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ও ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়নের সদস্যপদ গ্রহণ এবং ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে বঙ্গবন্ধু সদ্য স্বাধীন বাংলাদেশকে আন্তর্জাতিক টেলিযোগাযোগের মহাসড়কে সংযুক্ত করেন। বঙ্গবন্ধুর অবদান নিয়ে মুজিববর্ষে শত কর্মসূচি বাস্তবায়ন করার আছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিটি সংস্থায় মুজিব কর্নার করা হবে বলে মন্ত্রী ঘোষণা দেন। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের সতর্কতার কারণে মুজিব জন্মশতবর্ষঅনুষ্ঠান সশরীরে উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠান পালন করতে না পারায় ব্যক্তিগত আনন্দ বা সামাজিকতা হয়তো হয়নি। কিন্তু ডিজিটাল মিডিয়ার মাধ্যমে মুজিব জন্মশতবর্ষের অনুষ্ঠানমালা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছে। ডিজিটাল প্রযুক্তির সুবাদে আমরা মাঠের অনুষ্ঠানের ঘাটতি অনেকটাই অতিক্রম করতে পেরেছি। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে পারা দূরদৃষ্টিসম্পন্ন ও প্রজ্ঞাবান রাজনীতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠারই সফলতা।