করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশনাকে শ্রদ্ধা জানিয়ে অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনা করছে ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ ড্যাফোডিল পরিবারের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। ইতোমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন প্রদানের জন্য ‘গুগল ক্লাসরুম’, কুইজের জন্য ‘কাহুত ডটকম’ এবং লাইভ ক্লাসের জন্য ‘গুগল মিট’ প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে ক্লাস পরিচালনা শুরু করেছেন। গত সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার দফতর থেকে শিক্ষার্থীদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক, করোনা ভাইরাসের বিস্তাররোধে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সরেজমিন শিক্ষাকার্যক্রম বন্ধ থাকবে, তবে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালু থাকবে। শিক্ষার্থীদের ঘরে বসে অনলাইনের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে এবং এতে উপস্থিতি নিশ্চিত করতে পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।