সংরক্ষিত বনে রাস্তা নির্মাণ বন্ধের নির্দেশ

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা  

জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দন সংরক্ষিত বনাঞ্চল এলাকায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া নির্মাণাধীন রাস্তা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ এই নির্দেশ দেন। রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াজউদ্দিন বলেন, গত মঙ্গলবার সকালে উপজেলার শানখলা ইউনিয়নের সংরক্ষিত রঘুনন্দন রেঞ্জের বনাঞ্চলে ক্ষতিসাধন করে রাস্তা নির্মাণ শুরু করা হয়। এ সময় স্থানীয় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বনের ওপর দিয়ে রাস্তা নির্মাণে বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।  উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ বলেন, বন মন্ত্রণালয়ের নির্দেশনা না আসা পর্যন্ত উল্লেখিত বনের ভিতর কাজ না করার নির্দেশ প্রদান করেছি, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ৫ নম্বর শানখলা ইউনিয়ন চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ বলেন, জনগণের চলাচলের সুবিধার্থে ঠিকাদার ঐ রাস্তা করছে। সহকারী বন সংরক্ষক মো. মারুফ হোসেন জানান, রঘুনন্দন বনাঞ্চল হুমকির মুখে ফেলে, সংরক্ষিত বনের ১ কিলোমিটার ভেদ করে রাস্তা বানাতে চায় পিআইও অফিস। এতে ধ্বংস হতে পারে বনাঞ্চল। বন বিভাগের আপত্তির পরও বনকে দ্বিখণ্ডিত করে তাদের প্রকল্প বাস্তবায়ন করতে চায় প্রকল্প সংস্থা। নিয়ম অনুযায়ী যে কোনো ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশ প্রভাব নিরূপণ সমীক্ষা নিতে হয়। কিন্তু এ প্রকল্প কোনো ধরনের সমীক্ষা ছাড়াই তাদের কাজ এগিয়ে নিতে চাইছে। যা পরিবেশ ও জীব-বৈচিত্র্যের জন্য হুমকি।