ইত্তেফাক রিপোর্ট
বিশ্বব্যাপী মহামারি রূপ নিয়েছে করোনা ভাইরাস। বাংলাদেশে এ রোগে আক্রান্ত এক জন ইতিমধ্যেই মৃত্যু বরণ করেছে। এমন পরিস্থিতিতে করোনা মহামারির সংক্রামক থেকে বাঁচতে কর্মীদের সতর্ক করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। জ্বর, ঠান্ডা, হাঁচি, কাশি রয়েছে এমন ব্যক্তি ও বহিরাগতদের সংস্পর্শে না আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বিশেষ সভায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে সভায় ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সভায় করোনা ভাইরাসের ভয়াবহতা এবং সচেতনতাবিষয়ক একটি ভিডিও উপস্থাপন করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসে দেশেও অনেকে আক্রান্ত হয়েছে। এক জন মারাও গেছে। মহামারি প্রাণনাশক এ সংক্রামক থেকে বাঁচতে কর্মীদের বেশকিছু বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা হাঁচি-কাশি, জ্বর, সর্দির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি এসব লক্ষণ যাদের দেখা যাবে তাদের সংস্পর্শে না আসতে বলা হয়েছে।
তিনি বলেন, বাহিরের অনেক লোক বিভিন্ন কাজে বাংলাদেশ ব্যাংকে আসেন। তাদের মাধ্যমে যেন এ ভাইরাস না ছড়ায় সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের মূল প্রবেশ গেটে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুরোনো ব্যাংক নোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, নতুন-পুরোনো দুই ধরনের নোটেই এ ভাইরাস ছড়াতে পারে। এখনই বাজার থেকে পুরোনো নোট তুলে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।