চট্টগ্রাম-লাকসাম রুটে চাই ডেমু ট্রেন

চট্টগ্রাম থেকে কুমিল্ল­ার লাকসাম পর্যন্ত একটি ডেমু ট্রেন চলাচল করত। হঠাত্ করে সেটি বন্ধ করে দেওয়ায় ছাত্র, শ্রমজীবী ও চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ডেমু ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কারণে সবাইকে বাসের ওপর নির্ভর করতে হচ্ছে। সে বাসও পর্যাপ্ত নয় এবং বাসগুলোতে চালক থাকে মাত্র একজন। তিনি দীর্ঘ পথ পাড়ি দেন। এর ফলে মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অনেকে দীর্ঘ সময় যাতায়াতের কারণে অসুস্থ হয়ে পড়ে। প্রতিটি বাসে আসনের অতিরিক্ত যাত্রী ওঠানো  হয়। চট্টগ্রাম-লাকসাম রুটে ডেমু ট্রেনটি চালু করা হলে সবাই তার সুবিধা ভোগ করবে। একজন ছাত্রকে প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা আসা-যাওয়ায় খরচ করতে হয়। ডেমু ট্রেন চালু হলে সময় কম লাগবে। টাকা কম খরচ হবে। দুর্ঘটনাও আশঙ্কাও কমবে। তাই ডেমু ট্রেনটি চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

সাকিব উদ্দীন

অনার্স প্রথম বর্ষ, বাংলা বিভাগ,

চট্টগ্রাম কলেজ