বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, ‘সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকমুক্ত বাগেরহাট গড়তে নৌকায় ভোট দিন। আমার রক্তের কোনো আত্মীয় বা দলের কেউ হলেও তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আমাকে বিশ্বাস করুন-আমার প্রতি আস্থা রাখুন, আপনারা ঠকবেন না।’
বুধবার কচুয়া উপজেলার বাধাল বাজার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ভোটাদের আশ্বস্ত করে শেখ তন্ময় বলেন, আপনাদের ভালোবাসা আমার বড় পাওয়া। আমার বয়স মাত্র ৩৩ বছর। আমি এখানে নেতৃত্ব দিতে আসিনি-আপনাদের সেবা করতে এসেছি। তাই আপনাদের কাছে একটাই চাওয়া আমাকে সেবা করার-সাথে থাকার সুযোগ দিন। আমার বিশ্বাস আপনারা আমাকে নৌকায় ভোট দেবেন। আপনারা কথা রক্ষা করবেন, আমি নির্বাচিত হলে আমার কথা রক্ষা করবো।
বাধাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোতোয়াল ইলিয়াস আহম্মেদের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, কেন্দ্রীয় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ পরশ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, সহ-সভাপতি আবদুর রহমান তুহিন প্রমুখ। এ সময় আওয়ামী লীগ নেত্রী ফরিদা আক্তার বানু লুসি, জাতীয় ক্রিকেট দলের সদস্য রুবেল হোসেন ও মেহেদী হাসান মিরাজসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।