৬৫০ কোটি ডলারের জরুরি তহবিল ঘোষণা এডিবির

করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির প্রভাব মোকাবিলায় ৬৫০ কোটি ডলারের জরুরি তহবিলের ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল এডিবির প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়া এক বিবৃতিতে উল্লেখ করেন, কোভিড-১৯ এর প্রভাবে বিশ্বে মহামারি অবস্থা তৈরি হয়েছে। এই মহামারি বড় বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। একে মোকাবিলায় জাতীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক সর্বস্তরে জোরালো পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সদস্য দেশগুলোতে এর প্রভাব মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে এডিবি। যাতে উন্নয়নশীল দেশগুলোর দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীকে রক্ষা করা যায়। করোনার প্রভাবে অর্থনৈতিক ক্ষতিগুলো কাটাতেও সাহায্য করা হবে। তিনি আরো উল্লেখ করেন, ভবিষ্যত্ পরিস্থিতি বিবেচনায় এডিবি আরো আর্থিক সহায়তা এবং পলিসি সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে। এডিবির ঘোষিত এই তহবিলের মধ্যে ৩৬০ কোটি ডলার মহামারিসংশ্লিষ্ট স্বাস্থ্য ও অর্থনৈতিক সম্পর্কিত খাতে দেওয়া হবে। ১৬০ কোটি ডলার দেওয়া হবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে। এডিবির সহায়তায় পরিচালিত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নমনীয় শর্তে ১০০ কোটি ডলার পরিচালিত করবে। সেইসঙ্গে কারিগরি সহায়তা ও দ্রুত বিতরণযোগ্য অনুদানের জন্য ৪ কোটি ডলার প্রস্তুত রাখবে।

এদিকে গতকাল বিশ্বব্যাংকের বোর্ড সভা জরুরিভাবে আরো ২০০ কোটি ডলার বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বব্যাংকের গ্রুপ সদস্য ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) বাড়তি এই তহবিলের জোগানদাতা। ফলে করোনা ভাইরাসের মহামারি মোকাবিলায় বিশ্বব্যাংকের তহবিলের আকার দাঁড়িয়েছে ১৪ বিলিয়ন বা ১৪শ কোটি ডলার। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তহবিলের মাধ্যমে দেশগুলোর জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা কাঠামোর উন্নতিতে ব্যয় হবে। সেইসঙ্গে সংক্রমণ প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিত্সা সেবায় ব্যয় করা হবে। এর পাশাপাশি বেসরকারি খাতেও সহায়তা করবে আইএফসি।