বঙ্গবন্ধুর ১ হাজার ২০০ ছবি নিয়ে গ্যালারি

মুজিববর্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ১ হাজার ২০০ ছবির গ্যালারি স্থাপন করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে সব বয়সের মানুষ ভিড় করছেন এই গ্যালারিতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নিজ উদ্যোগে বঙ্গবন্ধু গ্যালারি স্থাপন করেছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ। এর উদ্বোধন করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। গ্যালারিটি গত ১৫ মার্চ যাত্রা শুরু করে। আগামী ২৬ মার্চ পর্যন্ত এ গ্যালারি চলবে। টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ শেখ বলেন, বঙ্গবন্ধুর ওপর এ গ্যালারিতে সবচেয়ে বেশি স্থিরচিত্র প্রদর্শন করা হচ্ছে। কলেজ শিক্ষার্থী সমীর বিশ্বাস বলেন, এখান থেকে আমি বঙ্গবন্ধুর দুর্লভ সব ছবি দেখতে পেরেছি। এ গ্যালারি আমাকে বঙ্গবন্ধু সম্পর্কে সমৃদ্ধ ও প্রাণিত করেছে। বঙ্গবন্ধু গ্যালারি স্থাপনকারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গ্যালারি করে বরেণ্য এ নেতার প্রতি মুজিববর্ষের শ্রদ্ধা নিবেদন করেছি। বঙ্গবন্ধুর আদর্শ, ত্যাগ, সংগ্রাম, মানুষের প্রতি ভালোবাসা, রাজনৈতিক জীবন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে এই উদ্যোগ। এই গ্যালারিতে বঙ্গবন্ধুর শৈশব থেকে মৃত্যু পর্যন্ত তুলে ধরা হয়েছে।