সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল আর নেই

সাবেক সাংসদ, বিএনপি চেয়ারপার-সনের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক হুইপ ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামাল (৭৬) আর নেই (ইন্নালিল্লাহি --- রাজিউন)। বুধবার বাংলাদেশ সময় রাত ৩টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট  সোসাইটির সাবেক পরিচালক ও শহীদুল হক জামালের ঘনিষ্ঠজন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। অসুস্থতার কারণে গত ৪ মার্চ দুপুরে উন্নত চিকিত্সার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তার গলব্লাডারে অস্ত্রপচার করা হয়েছিল। এর আগে তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তার ঘনিষ্ঠজন জানান, শহীদুল হকের লাশ বুধবার বিকালে ঢাকায় আনা হবে। মৃতদেহ ঢাকায় আনার পরে দাফনের সিদ্ধান্ত হবে। শহীদুল হক জামাল ওয়ান ইলেভেনের পট পরিবর্তনের পর বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং সংস্কারপন্থি হিসেবে পরিচিতি পান। দলীয় মনোনয়ন না পেয়ে ২০০৮ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মোরগ মার্কা নিয়ে সংসদ নির্বাচনে অংশ নেন। ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। এরপর তিনি বরিশাল-২ ও পিরোজপুর-১ আসনে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে ঐ নির্বাচনে দল তাকে মনোনয়ন দেয়নি। বিএনপির জন্মলগ্ন থেকে জিয়া পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ শহীদুল হক জামাল ১৯৯১ ও ২০০১ সালে দুটি নির্বাচনে এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপ ছিলেন। উল্লেখ্য তিনি তার নির্বাচনি এলাকা বরিশাল-০২ আসনের বানারীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২০১৯ সালের  জন্মদিনে তার ঢাকার ক্যান্টনমেন্টস্থ বাসায় কেক কেটে উদ্যাপন করেন।