খুলনায় প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ প্রেস ব্রিফিংয়ে সময় ব্যয় করছে বিএনপি

খুলনা অফিস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে খুলনায় ছয়টি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা প্রচার-প্রচারণায় ততই ব্যস্ত সময় কাটাচ্ছেন। অপরদিকে, নির্বাচনী প্রচারণার চেয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় বাধা, পুলিশি হয়রানি, নেতা-কর্মীদের গ্রেপ্তারসহ নানা অভিযোগ করে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করছে প্রার্থীসহ বিএনপির নেতা-কর্মীরা।

বড়দিন উপলক্ষে গত মঙ্গলবার সকালে খুলনা-২ সদর-সোনাডাঙ্গা আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল নগরীর সোনাডাঙ্গা ও রূপসার গির্জায় গিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বড়দিনের কেক কাটেন। এ সময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। সন্ধ্যায় শেখ জুয়েল স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

খুলনা-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ান গত মঙ্গলবার দিনব্যাপী নগরীর খালিশপুর-দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। সকালে তিনি নগরীর বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে তিনি নগরীর আলমনগর, নিউজপ্রিন্ট মিল এলাকা, চরেরহাট, দৌলতপুর জুট মিলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

খুলনা-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী গত মঙ্গলবার আইচগাতী ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে তার স্ত্রী সারমিন সালামসহ উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া খুলনা-৫ আসনের প্রার্থী মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ডুমুরিয়া ও ফুলতলা এবং খুলনা-৬ আসনের লীগের প্রার্থী আক্তারুজ্জামান বাবু কয়রা ও পাইকগাছা উপজেলায় ব্যাপক গণসংযোগ করেন। এদিকে, খুলনায় জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থীরা গণসংযোগের চেয়ে প্রেসব্রিফিং করে অভিযোগ জানাতেই বেশি সময় কাটাচ্ছেন। প্রায় প্রতিদিনই তারা নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় বাধা, পুলিশি হয়রানি, গায়েবি মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তারসহ নানা অভিযোগ করছেন।