দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘ভেঙেছে বাম হাত প্লাস্টার ডান হাতে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) আলী সাইফুল্লাহ সজীবকে। অন্য সদস্যরা হলেন মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ সাঈদ হাসান ও ডা. শান্তনু সাহা।
ডা. আলী সাইফুল্লাহ সজীব বলেন, ‘আমরা উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণের পর ছয় ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য প্রশাসকের কাছে দাখিল করব।’ স্বাস্থ্য প্রশাসক ডাক্তার ফখরুল হাসান চৌধুরী টিপু জানান, প্রতিবেদন পেলে সিভিল সার্জনের কাছে পাঠানো হবে।
উল্লেখ্য, মঙ্গলবার মদন উপজেলার দক্ষিণপাড়া গ্রামের ইঁদুচানের দুই বছরের শিশুকন্যা ইমা খাট থেকে পড়ে বাম হাত ভেঙে গেলে জরুরি বিভাগের চিকিত্সক উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মিরাজুল ইসলাম মিরাজ ভুলে ডান হাতে এক্স-রে করে প্লাস্টার করেন। পরে ঐ দিন আবার আরেকটি এক্স-রে করে বাম হাতে প্লাস্টার করেন। এ নিয়ে শিশুটির বাবা ইঁদুচান মিয়া স্বাস্থ্য প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন।