নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে সিনেমা হল, সিনেপ্লেক্স

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশে সিনেমা হল বন্ধ ঘোষণা করা হলেও কেউ কেউ নির্দেশনা মানছে না। চলচ্চিত্র প্রদর্শক সমিতি সোমবার হলগুলো বন্ধের ঘোষণা দেয়, তবে গতকাল বুধবার ঢাকায় কোনো কোনো হল খোলা থাকতে দেখা গেছে। এছাড়া কয়েকটি শপিংমলে থাকা সিনেপ্লেক্সও বন্ধ করা হয়নি।

বাংলাদেশ সিনেমা হল মালিক সমিতির সাবেক সভাপতি ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ গতকাল ইত্তেফাককে জানান, তিনি নিজে গতকাল মতিঝিলে মধুমিতা সিনেমা হল খোলা থাকতে দেখেছেন। তাত্ক্ষণিকভাবে তিনি ঢাকার জেলা প্রশাসককে (ডিসি) বিষয়টি জানান। ডিসি তাকে জানিয়েছেন, খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সিনেমা হল মালিক সমিতি ও চলচ্চিত্র প্রদর্শক সমিতি সূত্রে জানা গেছে, ঢাকাসহ দেশের কয়েকটি বড়ো বড়ো সিনেমা হল কর্তৃপক্ষ বন্ধের নির্দেশনা অনুসরণ করছেন না। সিনেমা হলগুলোতে দর্শকরা খুব কাছাকাছি বসেন। এতে একজন আরেকজনের সংস্পর্শে আসেন। করোনা ভাইরাস ছোঁয়াচে হওয়ায় সিনেমা হল বা সিনেপ্লেক্সগুলো খোলা থাকলে মারাত্মক ঝুঁকি বাড়াবে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।