কেসিসি মেয়রের অভিযোগ
খুলনা অফিস
বিতর্কিত হাওয়া ভবন সূত্রে মনোনয়ন পেয়ে খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় জুড়ে বসতে চাইছেন। তিনি তার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপাতে চাইছেন। বুধবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।
তিনি বলেন, বিএনপি সারাদেশে কালো টাকা ছড়িয়েছে। আমরা কালো টাকার নির্বাচন করি না। কালো টাকা ছড়িয়েও কাজ না হওয়ায় তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। খুলনা-৩ আসনে আওয়ামী লীগ যখন নির্বাচনী কর্মকাণ্ডে ব্যস্ত, তখন বকুল নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে দিশেহারা হয়ে পড়েছে। প্রতিদিনই কোনো না কোনো কল্পকাহিনি তৈরি করে মিডিয়া কভারেজ পাওয়ার কৌশল অবলম্বন করছে।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা-৩ আসনের মহাজোট প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ানের প্রধান নির্বাচনী এজেন্ট মোঃ আশরাফুল ইসলাম।