রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ থানা পুলিশ হেফাজতে চিকিত্সাধীন স্বপন মিয়া নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। উপজেলার মুড়াপাড়া বাজারে সোমবার গভীররাতে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী ধাওয়া করে আটক করে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে থানা পুলিশ তাকে মঙ্গলবার সকালে উদ্ধার করে। স্বপন মিয়া রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম আব্দুস ছাত্তার।
রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম বলেন, সোমবার রাতে ডাকাতরা শীতলক্ষ্যা নদী পথে মুড়াপাড়া বাজারে ডাকাতি করতে আসে। ডাকাতরা বাজারে প্রবেশ করলে পাহারাদারদের চিত্কারে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। মঙ্গলবার সকালে এস আই তারিকুল ইসলাম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বপনের অবস্থার অবনতি হলে চিকিত্করা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুপুরে স্বপনের অবস্থার উন্নতি হলে তাকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে যাওয়া হয়। পরে আদালত পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সন্ধ্যায় স্বপনের মৃত্যু হয়।